পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

বরগুনার পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি স্বীকার করে র‌্যাবের পটুয়াখালী জোনের লে. কমান্ডার শহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিকে জলদস্যু বলে নিশ্চিত করেছে স্থানীয় জেলেরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পাথরঘাটা উপজেলার পূর্ব বাদুরতলা এলাকার বারি আজাদের বাড়ির পূর্বে বিষখালি নদীর ওয়াপদার জঙ্গলে এ ‘বন্দুকযুদ্ধ’ ঘটে। এ সময় ৩-৪ জন জলদস্যু পালিয়ে যায়।

র‍্যাব-৮ থেকে বলা হচ্ছে, বরগুনার বিষখালি নদীর তীরে একটি স্থানে জলদস্যুরা অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তীরবর্তী এলাকায় অবস্থান নেয় বাহিনীটির সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে জলদস্যুরা অতর্কিত গুলি চালায়। এ সময় র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে এক জলদস্যু নিহত হয়।

বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি।

লে. কমান্ডার শহিদুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে দস্যুতার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত। তাই আমরা দস্যুতা নির্মূলে অভিযান শুরু করি। গোয়েন্দা তথ্যের মাধ্যমে এ অভিযান চালানো হয়। আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে।