অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রাণ বাঁচিয়ে রেখেছেন জো রুট ও ডেভিড মালান। গ্যাবায় তৃতীয় দিনে বিপরীত স্রোতে দাঁড়িয়ে ১৫৯ রানে জুটি গড়েছেন এই দুই ব্যাটার।
রুট-মালানের তৃতীয় উইকেট জুটিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২২০ রানে দিন পার করেছে ইংলিশরা। এর আগে ব্রিসবেনে প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে অলআউট হয় সফরকারী দল। ইংল্যান্ড এখনো পিছিয়ে আছে ৫৮ রানে।
৮৬ রানে অপরাজিত আছেন রুট। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি হাতছানি দিচ্ছে ইংলিশ অধিনায়ককে। সেই সঙ্গে ইংলিশ ব্যাটার হিসেবে এক পঞ্চিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ভাঙার সামনে ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
মালান চতুর্থদিন শুরু করবেন ৮০ রান নিয়ে। গত অস্ট্রেলিয়া সফরে পার্থে টেস্ট ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি পেয়েছিলেন তিনি। চার বছর পর অ্যাশেজে আরেকটি সেঞ্চুরির সামনে এই বাঁহাতি ব্যাটার।
দুই ওপেনার রোরি বার্নস (১৩) ও হাসিব হামিদের (২৭) বিদায়ের পর জুটি গড়েন রুট-মালান। এর আগে প্রথম ইনিংসে ৪২৫ রানে থামে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৩৪৩ রানে তৃতীয় দিন শুরু করে স্বাগতিকেরা। শেষ উইকেট হিসেবে ১৫২ রানে সাজঘরে ফেরেন ট্রাভিস হেড। ১৪৩ বলে ১৫০ রানের ঘরে পা রাখেন তিনি। যা অ্যাশেজ ইতিহাসে তৃতীয় দ্রুত ব্যক্তিগত সংগ্রহ।
তৃতীয় দিনে বল করতে দেখা গেছে বেন স্টোকসকে। দ্বিতীয় দিন হাঁটুতে অস্বস্তিবোধ করছিলেন তিনি। তবে তৃতীয়দিনে জানান, তিনি ফিট আছেন।
চতুর্থদিনের শুরুতে দ্বিতীয় নতুন বল পাবে অস্ট্রেলিয়া। লক্ষ্য দাঁড় করাতে প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডদের পেস আক্রমণ সামলে জুটিটা আরও বাড়াতে হবে রুট-মালানকে।