নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এবার মরণোত্তর বেগম রোকেয়া পদক-২০২১ পেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ঘাসফুল’র প্রতিষ্ঠাতা মরহুম শামসুন্নাহার রহমান পরাণ।
বৃহস্পতিবার রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক বিতরণ করেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুক্ত হন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তার পক্ষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পদক তুলে দেন।
পরাণ রহমানের পক্ষে তার বড় মেয়ে পারভীন মাহমুদ এফসিএ পদক গ্রহণ করেন।
পরাণ রহমানের নাতি ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ জানান, শামসুন্নাহার রহমান পরাণ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে স্বপ্রণোদিত হয়ে সমাজসেবায় আত্মনিয়োগ করেন। সমাজসেবা এবং নারী উন্নয়নের ব্রত নিয়ে তিনি স্বাধীনতাত্তোর যুদ্ধবিধ্বস্ত দেশে চট্টগ্রামে প্রথম রেজিস্টার্ড এনজিও ‘ঘাসফুল’ প্রতিষ্ঠা করেন। তিনি সারাজীবন সুবিধাবঞ্চিত বিশেষ করে অবহেলিত ও দরিদ্র নারী এবং ক্ষুধার্ত শিক্ষবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে গেছেন।
তিনি সমাজ ও নারী উন্নয়ন এবং নানামূখী জনকল্যাণমুলক কাজের বদৌলতে চট্টগ্রামে ‘পরাণ আপা’ নামে পরিচিত ছিল। তিনি ১৯৪০ সালে ১ জুন জন্মগ্রহণ করেন এবং ১৮ ফেব্রুয়ারি ২০১৫ সালে মৃত্যুবরণ করেন।