রাঙ্গামাটির রাজবন বিহারে মহাসংঘদান

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় রাঙ্গামাটির রাজবন বিহারে নানিয়ারচর উপজেলাবাসীর উদ্যোগে সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধদের প্রধান ধর্মীয় পবিত্র তীর্থস্থান রাজবন বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন ও উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা।

এ ছাড়া ভগবান বুদ্ধ ও পরিনির্বাণপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সার্বজনীন মহাসংঘদান উপলক্ষে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, হাজার বাতিদান, বিশ^ শান্তি প্যাগোডা নির্মাণে অনুদান, পি-দানসহ নানাবিধ দান করা হয়।

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর ঢল নামে। বিশে^র সব প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় এবং মহামারী করোনাভাইরাস থেকে পরিত্রাণের জন্য নীরবতা (ভাবনা) ও মঙ্গল কামনা প্রার্থনা করেন পুণ্যার্থীরা। পুণ্যার্থীদের ভক্তি ও শ্রদ্ধায় মুখর হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ।

ধর্মীয়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সার্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। বক্তব্য দেন নানিয়ারচর সার্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটির সভাপতি প্রগতি চাকমা।