এবার মেয়র পদ হারালেন আব্বাস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে এবার রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩১ উপধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে আব্বাস আলীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে আব্বাস আলীর বিতর্কিত বক্তব্যের অডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলা হওয়ার পর তিনি গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন। সে উদ্দেশ্যে তিনি বেশ কিছুদিন ঢাকায় হোটেলে অবস্থান করছিলেন। ১ ডিসেম্বর সকালে আব্বাস আলীকে কাকরাইলের রাজমনি ঈশা খাঁ হোটেল থেকে র‌্যাব আটক করে। তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়।

সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্বাস আলীকে গত ২৫ নভেম্বর কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কিন্তু তার জবাব পাওয়া যায়নি। এছাড়া বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি ও অশালীন বক্তব্য, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনে কাটাখালী পৌরসভার মেয়রের পদ থেকে অপসারণের জন্য পৌরসভার ১২ জন কাউন্সিলর আব্বাস আলীর বিরুদ্ধে অনাস্থা এনেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী, যে ক্ষেত্রে কোনো পৌরসভার মেয়র অথবা কোনো কাউন্সিলরের অপসারণের কার্যক্রম আরম্ভ করা হয়েছে অথবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গ্রহণ হয়েছে, সে ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে।’