২০৮ বলের অপেক্ষা শেষে টেস্টে ৪০০ উইকেটের ক্লাবে লায়ন

৩৯৯ টেস্ট উইকেট নেওয়ার পর ৪০০ উইকেটের ক্লাবের নাম লেখাতে বেশ সময় লাগল নাথান লায়নের। অবশেষে এই অভিজাত ক্লাবে যোগ দিলেন অস্ট্রেলিয়ান অফ-স্পিনার।

গ্যাবার ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ডেভিড মালানকে ফিরিয়ে ১৭তম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের ঘরে পা রাখেন লায়ন। অবশ্য তার জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।

গত চার টেস্টে মাত্র ৯ উইকেট নিয়ে এই মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন লায়ন। অবশেষে ২০৮ বল করে কাঙ্ক্ষিত উইকেটটি পেলেন তিনি। গ্যাবা টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে কোনো উইকেট পাননি ৩৪ বছর বয়সী স্পিনার। দ্বিতীয় ইনিংসে পেলেন ৪ উইকেট। সেই সঙ্গে লায়নের টেস্ট উইকেট সংখ্যা গিয়ে দাঁড়াল ১০১ টেস্টে ৪০৩।

তার আগে টেস্টে কেবল ১৬ বোলার ৪০০ ‍উইকেটের মাইলফলক গড়েছিলেন। তার মধ্যে সাতজন স্পিনার। তাদের পাঁচজন আবার উপমহাদেশের। শেন ওয়ার্নের পরে দ্বিতীয় অজি বোলার হিসেবে এই ক্লাবে যোগ দিলেন লায়ন। এছাড়া উপমহাদেশের বাইরে এই ক্লাবের দ্বিতীয় সদস্য হওয়া দ্বিতীয় স্পিনার তিনি।

গ্যাবা টেস্টের চতুর্থদিনে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের দ্বিতীয় ইনিংস শেষ করে দেন লায়ন। দাপুটে জয়ে অজিরাও অ্যাশেজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।