মাদারীপুরের শিবচরে ১০ কেজি ৭শত গ্রাম গাঁজাসহ মো. সোহেল শেখ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব- ৮ মাদারীপুর ক্যাম্প।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার শিবচর উপজেলার উৎরাইল গ্রামের নিয়ামত খার বাড়ির পশ্চিম পাশে খাড়াকান্দি হতে শিরুয়াইলগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মো. সোহেল শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাবর আলী মল্লিককান্দি গ্রামের আ. গনি শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ (দশ) কেজি ৭০০ গ্রাম গাঁজা, মাদক কেনাবেচা কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি হেলমেট, ১টি মোবাইল, ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
রবিবার সকাল ১০টার দিকে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তিনি জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় যে, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ঢাকা, কুমিল্লা,মাদারীপুরে ৪টি মাদক মামলা চলমান আছে।
তিনি আরও জানান, আসামিকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।