কোহলিকে সরিয়ে দেওয়ার পেছনের সত্যটা বলে দিলেন সৌরভ

স্বেচ্ছায় টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। পরে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। সাদা বলে ভারতের অধিনায়ক এখন রোহিত শর্মা। কোহলি শুধু টেস্টে নেতৃত্ব দেবেন।

ওয়ানডের নেতৃত্ব থেকে কোহলিকে সরিয়ে দেওয়া কারণ নিয়ে জল্পনার শেষ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবার আসল কারণটাই বলে দিলেন।

সৌরভের কথায় এটা স্পষ্ট যে, ট্রফির বিবেচনায় কোহলির চেয়ে রোহিত সফল। তাই রোহিতের হাতেই তুলে দেওয়া হয়েছে ওয়ানডের নেতৃত্ব।

এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘নির্বাচকদের আশা অধিনায়ক হিসেবে সাফল্য পাবে রোহিত। সেই কারণেই নির্বাচকেরা ওর উপর ভরসা রেখেছে। আমি আশা করছি কী ভাবে দল সাফল্য পাবে সেই রাস্তা খুঁজে বার করবে রোহিত।’

আইপিএল ও এশিয়া কাপে রোহিতের সাফল্যের প্রসঙ্গও তুলে আনেন সৌরভ। বলেন, ‘আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের রেকর্ড দুর্দান্ত। পাঁচ বার ট্রফি জিতেছে। কয়েক বছর আগে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিল। কোহলিকে ছাড়াই ভারত জিতেছিল। কোহলিকে ছাড়া ভারতের জয় মানে বুঝতে হবে দলের শক্তি কতটা। বড় প্রতিযোগিতায় রোহিত সফল। ও একটা ভালো দল পেয়েছে। তাই আশা করছি দল ভালো খেলবে।’

এর আগে সৌরভ জানিয়েছিলেন, কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেছিল বোর্ড। কিন্তু কোহলি নেতৃত্ব ছেড়ে দেন। তার পর নির্বাচকেরা সিদ্ধান্ত নেন সাদা বলের ক্রিকেটে একজনকেই অধিনায়ক করা হবে।