ঝিনাইদহের হরিণাকুন্ডু

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের হরিণাকুকুন্ডু  উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে আসন্ন ইউপি নির্বাচনের দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুকুন্ডু  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হরিণাকুন্ডু  থানার ওসি আবদুর রহিম মোল্লা জানান, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে রঘুনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শ্রীফলতলা গ্রামের সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার সকালে ওই গ্রামের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইদুলের সমর্থক জমির লস্করকে মারধর করে রেজাউলের সমর্থক আজিজ উদ্দিন। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুন্ডু  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে শ্রীফলতলা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।