আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আনসার বাহিনীর অবদান অপরিসীম।’
গতকাল রবিবার রাতে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইকেল শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। এখন তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে।’
পরে স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ১০০ ফানুস উড়িয়ে ও ৫০টি আতশবাজি পোড়ানো হয়।মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ২৬ মার্চের সঙ্গে মিল রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সাইক্লিং শোভাযাত্রা করে। এতে ২৬ নারী-পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, আশেক উল্লাহ রফিক, শাহীন আক্তার, কানিজ ফাতেমা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।