সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুরে বালুবাহী ট্রাকে চাপা পড়ে মো. আবুল হোসেন খন্দকার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত হাতেম খন্দকারের ছেলে।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাই ইলিয়াস খন্দকার বলেন, এ সময় তিনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে বালুবাহী ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটি আটক করে ও তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কামারখন্দ থানার এসআই মো. আজিম উদ্দিন বলেন, রিফাত-রিমি এন্টারপ্রাইজ নামের ঘাতক ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।