সদস্যদের আরও ৮০০ কোটি ডলার দেবে এডিবি

সদস্য দেশগুলোকে আরও ৮০০ কোটি ডলার অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল সোমবার এডিবির স্বাধীন মূল্যায়ন বিভাগ (আইইডি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক অবকাঠামো উন্নয়নকে আরও বেগবান করতে ৫৩০ কোটি ডলার ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৭০ কোটি ডলার কো-ফাইন্যান্সিং করা হবে। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে এই অর্থায়নের পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা। এডিবির সদস্যভুক্ত ৬৮ দেশ সহজ শর্তে এ ঋণ ব্যবহার করে আঞ্চলিক করিডোর উন্নয়ন করছে। কনসেশনাল এ ঋণে সুদের হার ২ শতাংশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণে ওই ঋণ ব্যবহার করা হয়েছে।

গ্রেটার মেকং সাবরিজিয়ন (জিএমএস) প্রোগ্রামের আওতায় এডিবি সাবরিজিওনাল করিডোরে ভৌত অবকাঠামো উন্নয়ন করেছে। কর্মসূচির আওতায় এর আগে ২০১২ থেকে ২০২০ সাল মেয়াদে ১৩০ প্রকল্পে ৫ হাজার ৬০০ কোটি ডলার সংগ্রহ করেছিল এডিবি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪ লাখ ৭৬ হাজার কোটি টাকা। উপ-আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রসারণ আরও প্রসারিত করতে নানা ইতিবাচক পদক্ষেপও প্রচার করছে সংস্থাটি। নতুন ৮ বিলিয়ন ডলার অর্থায়নে আরও উন্নত হবে অর্থনৈতিক করিডোরগুলো। এডিবির প্রতিবেদনে বলা হয়, এডিবির প্রাতিষ্ঠানিক সহায়তা  প্রোগ্রামটি ছিল গুরুত্বপূর্ণ। জিএমএস কর্মসূচির আওতায় এডিবিভুক্ত দেশগুলোতে ১৩০টির বেশি প্রকল্পে অর্থায়ন করা হয়েছে। ফলে উপ-অঞ্চলের অর্থনৈতিক করিডোরগুলোতে অবকাঠামো অনেক উন্নত হয়েছে। নতুন ৮০০ কোটি ডলার অর্থায়নে আরও উন্নত হবে অর্থনৈতিক করিডোরগুলো। এডিবির আইইডি মহাপরিচালক ইমানুয়েল জিমেনেজ বলেন, ‘জিএমএস প্রোগ্রাম দেখিয়েছে কীভাবে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা উন্নত করা যায়। সমবেতভাবে এই কর্মসূচির সুবিধা নিতে পারে দেশগুলো। আঞ্চলিক করিডোরে উভয় দেশ লাভবান হবে।’