অ্যাস্ট্রাজেনেকা

৪০ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাজ্য

বৈশ্বিক করোনা মহামারী মোকাবিলায় বাংলাদেশকে ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুদান দিচ্ছে যুক্তরাজ্য। গতকাল সোমবার এ টিকার প্রথম চালান ঢাকায় পৌঁছেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন।

টিকা আদান-প্রদানের বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা আসার কথা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, ‘করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াই ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার করতে যুক্তরাজ্যের এই অনুদানের টিকা বাংলাদেশকে সাহায্য করবে। বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্য ও বাংলাদেশ অতিমারীর কারণে কঠিন সময় পার করেছে। এই অতিমারী থেকে আরও উত্তম, নিরাপদ, পরিবেশবান্ধবভাবে উত্তরণে আমরা উভয়েই একসঙ্গে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে যুক্তরাজ্যের এই টিকা অনুদান দুই দেশের মধ্যে বিরাজমান শক্তিশালী বন্ধনের বহির্প্রকাশ। মানুষের জীবন বাঁচাতে ও অতিমারী মোকাবিলা করতে বাংলাদেশকে সহায়তা করার জন্য যা প্রয়োজন যুক্তরাজ্য তা অবশ্যই করবে।’

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এ বছর জি-৭ সম্মেলনে ২০২২ সালের জুনের মধ্যে সারা বিশ্বে ১০ কোটি ডোজ করোনার টিকাদানের প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাজ্য। বাংলাদেশকে দেওয়া এই টিকার অনুদান সেখানকার প্রতিশ্রুতির ফলস্বরূপ এসেছে।