বাগেরহাটে ট্রাকের ধাক্কায় বিকাশ কর্মী নিহত

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের শহরের দশানী ট্রাফিক মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রেখেছে।

নিহত সুমন শেখ (৩০) বিকাশ কর্মী ছিলেন। তিনি শহরের মুণিগঞ্জ এলাকার সিদ্দিক শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খুলনা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক দশানী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সুমন শেখ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কায় দেয়।

এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি বিকাশ কর্মী ছিলেন। তিনি কাজ সেরে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।