যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

হবিগঞ্জের বাহুবলে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ মামলায় নিহতের শাশুড়ি ও তার এক দেবরকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ হেলাল মিয়া (২৪) বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের সৈয়দ জিতুউর রহমানের ছেলে।

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসিম মোল্লা মাসুম জানান, হেলাল মিয়ার সঙ্গে ২০১৭ সালের প্রথম দিকে বিয়ে হয় একই উপজেলার ভরগাঁও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে লাভলী আক্তারের। বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য লাভলীকে মারধর করতেন।

২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর রাতে হেলাল মিয়া স্ত্রীকে মারধরের একপর্যায়ে  শ্বাসরোধে হত্যা করেন।

ঘটনার ৪ দিন পর ২৮ সেপ্টেম্বর লাভলী আক্তারের ভাই শাহীন চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ হত্যার অভিযোগে লাভলীর স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে বাহুবল থানা-পুলিশকে তদন্তের দায়িত্ব দেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে স্বামী হেলাল মিয়া, শাশুড়ি সৈয়দা সাহেদা খাতুন ও তার ধর্মভাই একই গ্রামের তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আদালত ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।