শান, পাপ-পুণ্য, অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের মতো একাধিক ছবি রয়েছে মুক্তির মিছিলে। তার সঙ্গে যুক্ত হয়েছে সিয়াম আহমেদের আরও এক ছবি ‘মৃধা বনাম মৃধা’।
রনি ভৌমিক পরিচালিত ছবিটি গত ১২ ডিসেম্বর আনকাট ছাড়পত্র পেয়েছে।
এতে সিয়ামের বিপরীতে আছেন নোভা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর এটিই প্রথম ছবি।
সেন্সর সনদ হাতে পাওয়ার পর নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘আনকাট ছাড়পত্র পেয়েছি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এটা শুনে খুব ভালো লাগছে।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘মৃধা বনাম মৃধা’র শুটিং। ছয় মাসের মধ্যেই শেষ হয় যাবতীয় কাজ। পোস্ট-প্রডাকশন চলে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে।
‘মৃধা বনাম মৃধা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে আছের তারিক আনাম খান।
ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন রায়হান খান।
শিগগিরই মুক্তির ঘোষণা আসবে জানান নির্মাতা রনি।