সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যার ৪ আসামি কারাগারে

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনসহ চার আসামি গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক মোহাম্মদ বেলাল হোসাইন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারীরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বুদ্ধিন, রবিউল ইসলাম, সোহাগ শেখ ও কবির হোসেন। সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ওই চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আবুল কালাম আজাদ বলেন, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়ী হন তরিকুল ইসলাম। ফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থী শাহাদাত হোসেনের সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। ওইদিন রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।