ভিকারুননিসার অধ্যক্ষ

কামরুন নাহারের নিয়োগ চ্যালেঞ্জ করে রিট

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কামরুন নাহার মুকুলের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছেন একজন আইনজীবী। এতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান লঙ্ঘন করে কামরুন নাহারকে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ তার নিয়োগসংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, ‘১৯৭৯ সালের বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক নিয়োগ রেজল্যুশন এবং ২০০৯ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি রেজল্যুশন অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির এখতিয়ার রয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এ দুটি বিধান লঙ্ঘন করে ২০০৯ সালে ভিকারুননিসায় ফওজিয়া বেগমকে (পরে প্রত্যাহার এবং ওএসডি) এবং গত বছর ডিসেম্বরে কামরুন নাহারকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে। নিয়োগের এই বিষয়টি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছি।’