বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার ‘মৃদু অসুস্থতা’ ও ‘নিয়মিত চেকাপের’ জন্য হাসপাতালটিতে গেলেও চিকিৎসকের পরামর্শে ভর্তি হয়েছেন তিনি। সেতু বিভাগের এক জনসংযোগ কর্মকর্তা, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সেতুমন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ।
৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন বিএসএমএমইউ চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে প্রায় দুই মাস চিকিৎসা নেন তিনি।
গতকাল সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ সাংবাদিকদের জানান, কয়েক দিন ধরে তার পায়ে পানি জমছিল, কিছুটা শ্বাসকষ্টও হচ্ছিল। গতকাল ‘রুটিন চেকআপের’ জন্যই তিনি গিয়েছিলেন বিএসএমএমইউতে। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
এদিকে ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি হওয়ার পর বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএসএমএমইউ উপাচার্য শরফুদ্দিন। তিনি বলেন, ‘টানা রাজনৈতিক কর্মসূচির কারণে উনি অনেক পরিশ্রম করেছেন। ওনার একটু বিশ্রাম প্রয়োজন।’
অধ্যাপক শরফুদ্দিন বলেন, ‘২০১৯ সালের মার্চ মাসে অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত বিএসএমএমইউতে মেডিকেল চেকআপ করেন ওবায়দুল কাদের। আজও (গতকাল) উনি চেকআপে এসেছিলেন। এ সময় আমাদের ১০ জনের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকদের পরামর্শে তাকে ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। আমরা একটু আগে দেখে এসেছি উনার অক্সিজেন স্যাচুরেশন ৯৯। হৃদস্পন্দন ৭৩। তার মানে সব স্বাভাবিক। বয়সের কারণে তার ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপ রয়েছে। আশা করছি ওষুধে তিনি ঠিক হয়ে যাবেন। তিনি শঙ্কামুক্ত।’
চিকিৎসার জন্য ওবায়দুল কাদের দেশের বাইরে যেতে চান না বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘বিষয়টি আমাদের বিস্মিত করেছে। বিশেষজ্ঞ হিসেবে আমরা যে সবাইকে চিকিৎসা দিতে সক্ষম তার প্রমাণও উনি রাখলেন। আগামীকাল (আজ) সকাল ১০টায় মেডিকেল বোর্ড তাকে পুনরায় দেখবে। সে সময় পরবর্তী আপডেট জানানো হবে। তা ছাড়া, করোনাজনিত কোনো সমস্যা নেই। তবে করোনা প্রকোপ যেহেতু আছে, তাই তার কাছে কেউ যাতে না আসে সে চেষ্টা করছি।’
ভিসি অধ্যাপক শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে আরও রয়েছেন প্রো-ভিসি এ কে এম মোশাররফ হোসেন ও অধ্যাপক জাহিদ হোসেন, অধ্যাপক আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত।
এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক ফেইসবুক পোস্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হাসপাতালে ভর্তি আছেন জানিয়ে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।