শুটিং সেটে রণবীরকে মারতেন বানশালি!

দেড় দশকেরও বেশি সময় বলিউডে কাটিয়ে এখন ক্যারিয়ারের শীর্ষ মুহূর্ত উপভোগ করছেন রণবীর কাপুর। শুধু বক্স অফিস সাফল্যই নয়, অভিনেতা হিসেবেও প্রশংসিত তিনি।

আগামী বছর সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে রণবীরের সুপারহিরো মুভি অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। বুধবার প্রকাশ হয়েছে ছবিটির মোশন পোস্টার।

তার আগে নিজের প্রথম ছবির পরিচালক সঞ্জয়লীলা বানশালিকে নিয়ে অবাক করা তথ্য দেন ঋষি কাপুরের ছেলে।

২০০৭ সালে বানশালির ছবির মাধ্যমেই বলিউডে হাতেখড়ি হয়ে রণবীর কাপুরের। সোনম কাপুর, রানি মুখার্জি, সালমান খানের সঙ্গে ‘সাওয়ারিয়া’ ছবিতে কাজ করেছেন তিনি। এরপর ওয়েক আপ সিড, আজব প্রেম কি গজব কাহানি, রাজনীতি, রকস্টারের মতো  ছবিতে কাজ করেছেন তিনি।

তবে ‘সাওয়ারিয়া’র আগেও ছবিতে কাজ করেছেন রণবীর কাপুর। সেটাও সঞ্জয়লীলা বানশালির প্রশংসিত ছবি ‘ব্ল্যাক’-এ। তবে অভিনেতা নয়, সহ-পরিচালক হিসেবে। সম্প্রতি সাংবাদিকদের সামনে সেই ছবিতেই কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

রণবীর বলেন, “যখন আমি ‘ব্ল্যাক’ ছবিতে অ্যাসিস্ট করি... উনি কোনোদিন আমাকে অ্যাসিট্যান্ট ডিরেক্টরের চোখে দেখতেন না। ঘণ্টার পর ঘণ্টা আমাকে হাঁটু মুড়ে বসিয়ে রাখতেন, মারতেন, গালিগালাজও করতেন।”

এরপরই জানান, আক্রোশের বশে তাকে বানশালি ওই শাস্তি দিতেন না। ভবিষ্যতের কঠিন লড়াইয়ের জন্য তাকে তৈরি করতেন। তার যাতে ভালো হয়, সেজন্যই করতেন।