ওয়ার্নারের আক্ষেপের দিনে সেঞ্চুরির আশা বাঁচিয়ে রাখলেন লাবুশানে

অ্যাডিলেডে দিবারাত্রি টেস্টের প্রথম দিন শাসন করলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। শুরু থেকে ইংলিশ বোলারদের পরীক্ষা নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে। অবশ্য তার সঙ্গে আছে আক্ষেপের গল্পও।

প্রথম ইনিংসের শুরুতে স্টুয়ার্ট ব্রডের বলে ওপেনার মার্কাস হ্যারিস (৩) ফিরলেও লাবুশানেকে নিয়ে অজিদের আর কোনো বিপদে পড়তে দেননি ওয়ার্নার।

দুজনে করেন ১৭২ রান। গেড়ে বসা এই জুটি ভাঙেন বেন স্টোকস। ‘নার্ভাস-নাইনটি’তে ব্রডকে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার। ১৬৭ বলে ১১ চারে ৯৫ রান করেন অজি ওপেনার।

ওয়ার্নার সেঞ্চুরি বঞ্চিত হলেও লাবুশানে বাঁচিয়ে রেখেছেন গোলাপি বলে তিন অঙ্কের ঘরে পা রাখার আশা। ব্যক্তিগত ৯৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তিনি। লাবুশানেকে সঙ্গ দেবেন অধিনায়ক স্টিভেন স্মিথ (১৮)। টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ২ উইকেটে ২২১ রানে প্রথম দিন পার করেছে।

প্যাট কামিন্সের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অজিদের মাঠে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। ম্যাচের আগেরদিন রাতে এক রেস্তোরাঁয় গিয়ে করোনা আক্রান্তের সান্নিধ্যে আশায় অ্যাডিলেড টেস্ট খেলা হচ্ছে না কামিন্সের।

হোটেলে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। কামিন্সের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাইকেল নেসার। অ্যাডিলেড টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছে তার।

যৌন কেলেঙ্কারির অভিযোগ টিম পেইন সরে দাঁড়ানোয় অ্যাশেজে কামিন্সকে অধিনায়কের দায়িত্ব দেয় অস্ট্রেলিয়া। সহ-অধিনায়ক করা হয় স্মিথকে। এবার কামিন্স না থাকায় ৩২ বছর বয়সী ব্যাটার নেতৃত্ব দিচ্ছেন অজিদের।

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল-টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার নেতৃত্ব হারান স্মিথ। যে কারণে এক বছর নিষিদ্ধও হন তিনি। এরপর এই প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্মিথ।

গ্যাবা টেস্ট জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।