অস্ট্রেলিয়ায় বাউন্স ক্যাসেল থেকে পড়ে ৫ শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়ায় দমকা হাওয়ায় উড়ে যাওয়া শিশুদের একটি খেলার রাইড বাউন্সি ক্যাসেল থেকে পড়ে পাঁচ শিশু মারা গেছে। আহত হয়েছে আরও চারজন। গতকাল বৃহস্পতিবার তাসমানিয়া প্রদেশে ডেভনপোর্টের হিলক্রেস্ট প্রাইমারি স্কুলে আনন্দ আয়োজন চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে খবর দিয়েছে সিএনএন।

পুলিশ জানায়, শিশুরা প্রায় ৩২ ফুট ওপর থেকে পড়েছিল। তাদের মধ্যে মেয়ে ও ছেলে শিশু ছিল। হতাহতদের বয়স কত, তা জানানো হয়নি। তবে সাধারণত ১০-১২ বছর বয়সী শিশুরাই ওই জায়গায় ছিল বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।

বাউন্সি ক্যাসেল মূলত শিশুদের লাফানোর জন্য প্লাস্টিক দিয়ে প্রাসাদ বা দুর্গের আদলে তৈরি বায়ুভর্তি একটি রাইড। স্কুলে শিশুদের আনন্দের দিন উপলক্ষে এ রাইডের ব্যবস্থা করা হয়েছিল। তাসমানিয়ার পুলিশ কমিশনার ড্যারেন হাইন জানান, দমকা হাওয়ার কারণে ক্যাসেল উড়ে যায়। এরপরই খুবই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন একে ‘অভাবনীয় হৃদয়বিদারক’ ঘটনা উল্লেখ করে বলেন, ‘শিশুদের আনন্দের দিন এক ভয়ংকর বেদনাদায়ক ঘটনায় রূপ নিল।’

দুর্ঘটনার পরই স্বাস্থ্যকর্মীরা হিলক্রেস্ট স্কুলে উপস্থিত হন। আহত শিশুদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়। শিশুদের মা-বাবাকে বিষয়টি অবহিত করা হয়েছে।