নেত্রকোনায় নৌকার তোরণ পোড়াল দুর্বৃত্তরা

শাহজাদপুরে ৪ সাংবাদিককে হত্যার হুমকি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে পত্রিকায় প্রতিবেদন করায় চার সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম। দৈনিক দেশ রূপান্তরের সিরাজগঞ্জ প্রতিনিধি মো. মুমীদুজ্জামান জাহান, দৈনিক আমার সংবাদের শাহজাদপুর প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক আজকালের খবরের শাহজাদপুর প্রতিনিধি মাসুদ মোর্শারফ ও দৈনিক সিরাজগঞ্জ বার্তার শাহজাদপুর প্রতিনিধি সোনা মিয়াকে তিনি ও তার সমর্থকরা হাত-পা ভেঙে দেওয়াসহ হত্যার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক জহুরুল ইসলাম বাদী হয়ে গত বুধবার রাতে শাহজাদপুর থানায় একটি জিডি করেন।

জহুরুল ইসলাম বলেন, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম বিভিন্ন প্রচারণা সভায় কালো কাপড়ে মুখ ও মাথা বাঁধা বাহিনী সঙ্গে নিয়ে প্রচার চালান। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পত্রিকায় নিউজ করি। এতে ক্ষুব্ধ হয়ে সাইফুল নিজে ও তার সমর্থকদের দিয়ে গত মঙ্গলবার রাতে আমাকে প্রাণনাশের হুমকি ও নানা ভয়ভীতি প্রদর্শন করেন। একইভাবে অন্য সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয়। এছাড়া গত ২৯ নভেম্বর বিকেলে সাইফুল ইসলাম দেশ রূপান্তরের মুমীদুজ্জামান জাহানকে হত্যা ও হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, ‘সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে নেত্রকোনার মোহনগঞ্জে রাতের আঁধারে নৌকার তোরণ পুড়িয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নৌকার প্রার্থী আমিনুল ইসলাম খান সোহেল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর লোকজন এ কাজ করেছে। এর আগেও আমার পোস্টারের ওপর তাদের পোস্টার লাগিয়েছে।’

স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ খান অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘সবকিছু সাজানো নাটক। আমার গ্রামে শত শত নৌকার পোস্টার আছে, এগুলো তো কেউ ছিঁড়ল না।’