নারায়ণগঞ্জে খালপাড় থেকে আওয়ামী লীগ নেতার ভাইয়ের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে বাবুল মিয়া (৫২) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার কুশিয়ারার পাইটাল খালপাড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, নিহত রংমিস্ত্রি বাবুল মিয়া বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত খাজা সরদারের ছেলে। তিনি বন্দর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের ছোট ভাই। সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ও তদন্ত অফিসার মহসিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, এলাকাবাসীর মাধ্যমে লাশের সংবাদ পেয়ে আমি ও থানার তদন্ত অফিসারসহ পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে আসি এবং খালপাড় থেকে বাবুল নামে একজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।