‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ চ্যাম্পিয়ন হয়ে গানের জগতে পা রাখেন রাকিবা ইসলাম ঐশী। প্রকাশিত হয়েছে তার দেশের গান ‘বৃথাই রে মা’। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
দেশের গান...
আমার প্রথম দেশের গান সুজেয় স্যামের মতো গুণী সংগীতকারের সুর ও সংগীতে ‘এক যে দুঃখিনী মা’। গানটির কোনো মিউজিক ভিডিও হয়নি, তারপরও দারুণ সাড়া পেয়েছি শ্রোতাদের। তা ছাড়া বরাবরই আমি দেশের গান গাইতে ভালোবাসি। চ্যানেল আই সেরাকণ্ঠে আমার গাওয়া দেশের গানটির প্রশংসা করেছিলেন বিচারকম-লী। কনসার্টেও দেশের গান গাওয়া হয়।
বৃথাই রে মা...
‘বৃথাই রে মা’ আমার দ্বিতীয় দেশের গান। কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। গানটি গতকাল Shakhawat Hossain Maruf-এর অফিশিয়াল চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। এ ছাড়া অ্যাপল মিউজিক, আইটিউন, অ্যামাজন মিউজিক, স্পটিফাই, অডিওম্যাকের মতো জনপ্রিয় মিউজিক স্টোরে গানটি শোনা যাবে। গানটির কথা ও সুর অনবদ্য। বিটিভিসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও মঞ্চে গানটি ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে। আশা করি শ্রোতাদের মনেও জায়গা করে নিতে পারবে এ গানটি।
ব্যস্ততা...
এখন শীতের সময়। আমাদের দেশে স্টেজ শোর মৌসুম। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, এবার করোনা পরিস্থিতি ভালো। তাই নিয়মিত স্টেজ শো করতে পারছি। গতকাল একটি ঘরোয়া অনুষ্ঠানে গেয়েছি। এর আগে গুলশান ক্লাব, অল কমিউনিটি ক্লাবসহ বেশ কয়েকটি শো করেছি। আমি আসলে মেলোডিয়াস গানই বেশি করি। তাই সব ধরনের শো করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। যে ধরনের শোতে আমি আনন্দ নিয়ে গাইতে পারব, ওই ধরনের শোতেই নিজেকে যুক্ত করি।
নতুন গান...
এরই মধ্যে বেশ কিছু গানের রেকর্ডিং শেষ হয়েছে। সামনে সেগুলো সুন্দর মিউজিক ভিডিও আকারে প্রকাশের ইচ্ছে রয়েছে। শাখাওয়াত হোসেন মারুফের কথা ও সুরে ‘পায়ে পায়ে তুমি এলে’ শিরোনামে একটি মৌলিক আধুনিক গান করেছি। অক্ষর রেকর্ড থেকে আরও দুটি আধুনিক গানের ভিডিও প্রকাশ হবে।
পড়াশোনা...
আমি গানের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিউজিক নিয়েই পড়ছি। মাস্টার্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি ভাগ্যবান, কারণ যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগার, সে বিষয়কেই পড়াশোনার বিষয় হিসেবে পেয়েছি। একই সঙ্গে আমার পেশাও সেটি। ফলে আমি পরীক্ষার প্রস্তুতি, ক্লাস, অ্যাসাইনমেন্ট এসবকে আলাদা ঝামেলা মনে করি না। মিউজিক নিয়ে পড়াশোনা আমার ক্যারিয়ারেও অনেক সাহায্য করে। পড়াশোনার সুবাদেই গুণী শিক্ষকদের ক্লাস করার সুযোগ পাচ্ছি। আর মিউজিকের তাত্ত্বিক বিষয়ে জানার ফলে গান গাইতে সুবিধা হয়। জেনেবুঝে কাজ করার মধ্যে অনেক বেশি আনন্দ ও আত্মবিশ^াস কাজ করে।