ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে বিবাহিত ছাত্রীদের থাকার বিধিনিষেধ ও প্রচলিত নিয়ম বাতিলের দাবি উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির ছাত্রীরা চারটি দাবি তুলে ধরেন। সেই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, বিবাহিত হওয়া অপরাধ কি না। সংবাদ সম্মেলনে পাঁচটি হলের ছাত্রীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুন নাহার হল সংসদের সাবেক সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক মিশমা, সুফিয়া কামাল হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক শারমিন ও সাবেক পাঠকক্ষ সম্পাদক অর্পিতা প্রমুখ।
লিখিত বক্তব্যে ইমি বলেন, ‘বিবাহিত হওয়া কি অপরাধ? আর বিবাহিত স্ট্যাটাসের সঙ্গে হলে থাকার সম্পর্ক বা থাকতে না দেওয়ার কোনো যৌক্তিকতা বা কারণ নেই। একজন ছাত্রী বিবাহিত না অবিবাহিত সেটা দেখে হলে সিট কেন বরাদ্দ হবে যেখানে সে মেরিট অনুযায়ী লিগ্যাল সিট পায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন ছাত্র বা ছাত্রীর অধিকার হলে সিট পাওয়া।’
তিনি আরও বলেন, ‘এই করোনায় অনেক ছাত্র-ছাত্রীর বিয়ে হয়ে গেছে। তারা কোথায় যাবে এখন? এত খরচ কোথা থেকে বহন করবে ছাত্রীরা? একজন ছাত্রীর যদি বিবাহিত হয়ে হলে থাকা অপরাধ হয়ে থাকে, তাহলে আমাদের মতে হলের হাউজটিউটর এবং প্রভোস্টদের অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে ওনারা হাউজটিউটর কোয়ার্টারে থাকতে পারবেন না। ওনাদের স্বামী ওনাদের কি দায়িত্ব নিতে পারেন না?’
অভিযোগ করে ইমি বলেন, ‘হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের কোনো প্রকার কথাই শুনতে চাইছে না হল প্রশাসন, অথচ পাঁচ বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ছাত্রলীগের হল কমিটির নেতারা এখনো হলে থাকে। এসব দ্বিচারিতা করে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি আমরা আর সহ্য করব না। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা।’
সংবাদ সম্মেলনে ছাত্রীদের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো : ১। বিবাহিত ছাত্রীদের হলে থাকার যে বিধিনিষেধ এবং তাদের জন্য প্রচলিত যে নিয়ম তা বাতিল, ২। শিক্ষার্থীদের প্রাপ্তবয়স্ক নাগরিকের মর্যাদা রক্ষার্থে সকল ছাত্রী হলে লোকাল গার্ডিয়ান বা স্থানীয় অভিভাবকের পরিবর্তে ইমার্জেন্সি কন্টাক্ট বা জরুরি যোগাযোগ শব্দটি রাখা, ৩। আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা যেকোনো ধরনের হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, ৪। শিক্ষা কার্যক্রম চলমান থাকা সাপেক্ষে অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল করতে হবে এবং জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করতে দেওয়া।