আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে মনোমালিন্য চলছে বিরাট কোহলির।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারানোর পর সম্প্রতি ওয়ানডের নেতৃত্বও ছাড়তে হয়েছে ৩৩ বছর বয়সী ব্যাটারকে। কোহলির পরিবর্তে ভারতের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে।
এরপরই গুঞ্জন ছড়ায়, দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ খেলবেন না রোহিত। তবে সেই গুঞ্জন উড়িয়ে রোহিতের নেতৃত্বে প্রোটিয়াদের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেট খেলবেন জানান এই ডানহাতি ব্যাটার।
সঙ্গে এ-ও জানান, ওয়ানডের নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে তাকে আগে থেকে কেউ জানাননি। এদিকে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানান, কোহলিকে তিনি টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে না দাঁড়াতে বলেছিলেন।
টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারিয়েছেন, কোহলির ওয়ানডে নেতৃত্ব হারানোয় সাম্প্রতিক সময়ে গরম হাওয়া বইছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে। আর এসবের মধ্যেই এই বিষয়ে নিজের মতামত দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল।
লাল মনে করেন, এই পুরো অধিনায়কত্বের কাহিনি আরও ভালোভাবে সামলানো উচিত ছিল। তিনি আরও জানান, গাঙ্গুলি এবং কোহলির মধ্যে ঠিক কী ঘটেছে তা তিনি জানেন না।
সাবেক এই অলরাউন্ডারের অভিমত, কোহলি ইস্যুতে প্রকাশ্যে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত গাঙ্গুলির। ৭০ বছর বয়সী মদন লাল জানান, দক্ষিণ আফ্রিকা সফরের দিকে ভারতের এখন দৃষ্টি দেওয়া দরকার।
মদন লাল বলেন, ‘আমি মনে করি, এই পরিস্থিতি আরও ভালোভাবে সামলানো উচিত ছিল। কারণ এটা বিতর্কিত বিষয় নয়। তবে মতামতের বিষয়। আমি জানি না, আমি জানি না বিরাটকে গাঙ্গুলি কী বলেছে। এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।’