ঝালকাঠিতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

ঝালকাঠি নলছিটিতে সোবাহান খলিফা (৬০) নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর এলাকার সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সোবাহান খলিফা পেশায় একজন অটোচালক। তিনি নলছিটি তিমিরকাঠি এলাকার মৃত রসিদ খলিফা ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন সোবাহান। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে খুঁজে পায়নি পরিবারের লোকজন।

সকালে নলছিটির শ্রীরামপুর এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহের পাশে একটি মোবাইল পেয়ে ফোন করে লাশের পরিচয় নিশ্চিত করে পুলিশ। লাশের গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় ফাঁস লাগানো ছিল বলেও জানায় পুলিশ।

ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।