ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’ নিয়ে আসছে তাদের প্রথম অরিজিনাল ফিল্ম ‘মৃধা বনাম মৃধা’। ২৪শে ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তারিক আনাম খান, সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ অভিনীত সিনেমাটির পরিচালনা করেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক। ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন রায়হান খান।
গত ১২ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিনা কর্তনে ছবিটির ছাড়পত্র দেয়। পাশাপাশি সিনেমাটি সেন্সর বোর্ডের ভূয়সী প্রশংসা কুড়ায়। নির্মাতা রনি ভৌমিকের প্রথম চলচ্চিত্র এটি।
নির্মাতা রনি ভৌমিক জানান, কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপনের জন্য যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছি। পরিবার নিয়ে দেখার মতো গল্প মৃধা বনাম মৃধা।
অভিনেত্রী নোভা ফিরোজ জানান, আশা করি “মৃধা বনাম মৃধা” দর্শককে হলমুখী করবে। অভিনেতা সিয়াম আহমেদ এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, পারিবারিক ছবির গল্প যে এতো সুন্দর হয় তা মৃধা বনাম মৃধা দেখলেই দর্শক জানতে পারবেন।
সিনেমাটির পরিবেশক একশ্যান কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার অনন্য মামুন জানান, আগামী ২৪শে ডিসেম্বর সারাদেশের ৪৪টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে। পরবর্তীতে ছবিটি টফিতে প্রকাশিত হবে। ইতোমধ্যে ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে। খুব শিগগিরই ট্রেইলার মুক্তি পাবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগষ্টে শেষ হয় ছবিটির শুটিং। ছবিটির পোস্ট প্রডাকশনের কাজ হয়েছে বাংলাদেশ, ভারত(চেন্নাই ও কলকাতা) এবং যুক্তরাষ্ট্রে। ছবিটির আবহ সংগীত করেছেন ইমন সাহা ও মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়াড।
টফির প্রথম অরিজিনাল ‘মৃধা বনাম মৃধা’তে আরও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টূ প্রমুখ।