‘জনপ্রতিনিধি হওয়া মানেই ১০টা গাড়ি, কোটি টাকার মালিক’

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, ‘বর্তমানে রাজনীতির যে অবস্থা। এখানে জনপ্রতিনিধি হওয়া মানেই ১০টা গাড়ি, কোটি টাকার মালিক হওয়া। আমি সে স্বপ্ন দেখিনি। চিন্তা করেছি মানুষের জন্য যদি কাজ করা যায় এটাই আমার সম্পদ। অর্থের মালিক হলেই সবকিছু করা যায় না।’

তিনি বলেন, অনেক অর্থবিত্তের মালিকরাও এ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে খালি হাতে। আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সেবা দিতে দিতেই দুনিয়া থেকে বিদায় নিতে পারি।

শনিবার বেলা ১১টায় নগরীর মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির হেলোডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন আরও বলেন, পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে অনেক কষ্ট করেছি, আখের গোছানোর চেষ্টা করিনি। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। কোটি কোটি টাকার সম্পদ নেই, বাড়ি-গাড়িও নেই। এসব না থাকলেও ইচ্ছা ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সহায়তায় মানুষের জন্য কিছু করার।

‘রাজনৈতিক জীবনে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি, কারা নির্যাতিত হয়েছি। জাতির জনকের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করেছি। জাতির জনকের সান্নিধ্যে একবার আসতে পেরেছিলাম, বঙ্গবন্ধু বলেছিলেন মানুষকে ভালোবাসতে।’

তিনি বলেন, এ প্রতিষ্ঠানে প্রায় ৪৯ কোটি টাকা দিয়ে কিডনি ডায়ালাইসিস যন্ত্র আমরা কিনে দিয়েছি। যারা এখানে চিকিৎসার জন্য আসবেন তারা হয়তো জানবেন আনোয়ার হোসেন সহযোগিতা করেছে। তারা এ জায়গার সার্ভিসে সন্তুষ্ট হলে প্রতিষ্ঠান ও আমার জন্য দোয়া করবেন।

নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহসভাপতি মো. ফজলুল করিম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক খাজা আজিজুল হক, মো. আইয়ুব আলী, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ মো. তারেক আফজালসহ অন্য সদস্যরা।