সাভারে পরিবারের অমতে বিয়ে করে যৌতুকের টাকা দিতে না পারায় এক গৃহবধূকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ভোরে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার বিকেলে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান।
গ্রেপ্তাররা হলেন- ভুক্তভোগী শান্তার শ্বশুর নজরুল ইসলাম (৫০) ও তার শাশুড়ি খুরশিদা বেগম খুশি (৪০)। মামলার অন্যান্য আসামিরা হলেন শান্তার স্বামী জহিরুল ইসলাম সাগর (২৫), সাগরের মামাতো ভাই নীরব হোসেন শাওন (২৬), সাইফুল ইসলাম (৩৫) ও জুলহাস (৩০)।
ভুক্তভোগী শান্তা ইসলাম (২২) সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার জহিরুল ইসলাম সাগরের স্ত্রী। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামে। জহিরুল ইসলাম সাভারের গেন্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী শান্তার অভিযোগ, প্রায় দুই বছর আগে সাগর ও তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি সাগরের বাড়িতে বিয়ের জন্য অনশন করেন। এ সময় বাধ্য হয়ে সাগর শান্তাকে বিয়ে করলেও এরপর থেকেই তার ওপর চলে অমানবিক নির্যাতন। পরিবারের সকলেই তার ওপর নির্যাতন চালাতেন বলে দাবি শান্তার। তিনি পরিবারের অমতে বিয়ে করায় পরিবারের সঙ্গেও তেমন যোগাযোগ ছিল না।
তারপরও স্বামীর চাপে অনেক কষ্টে মায়ের কাছ থেকে কিছু টাকা যৌতুক এনে দেন। পরে স্বামীর সঙ্গে ধামরাইয়ে বাসা ভাড়া নিয়ে পোশাক কারখানায় কাজ নেন শান্তা। তার পরেও চলে নির্যাতন।
সর্বশেষ ১৩ ডিসেম্বর কৌশলে মোবাইল ফোনে নামা গেন্ডা এলাকার বাড়িতে ডেকে নেন জহিরুল। গাড়ি থেকে নামতেই তার চোখ বেঁধে শ্বশুর বাড়িতে নিয়ে পরিবারের সকলে মিলে তার উপর নির্যাতন করেন।
একপর্যায়ে তাকে মারধর করে মুখে বিষ দেয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি শরীরে ঢেলে দেয়। এ সময় অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে নির্যাতনকারীদের ধাক্কা দিয়ে দৌড় দিয়ে এসে উঠানে পড়ে যান তিনি। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে শনিবার মামলা দায়ের করলে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলা হওয়ার পরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।