ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারের কঠোর সমালোচনা করেছেন জাভেদ মিয়াঁদাদ। দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছেড়ে দেননি রমিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি)।
এশিয়া মহাদেশের বাইরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মাটিতে উইকেটের সুবিধা পেতে করাচি ও লাহোরে ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তার জন্য প্রায় ৩৭ কোটি রুপি খরচ হচ্ছে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।
তার এমন সিদ্ধান্তকে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন প্রশংসার চোখে দেখলেও ড্রপ-ইন পিচ বসানোর বিরোধিতা করেছেন মিয়াঁদাদ। ৩৭ কোটি রুপি খরচ করে এমন পিচ বসানোর কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি।
কারণ হিসেবে রমিজ রাজা জানান, দেশের উইকেটে খেলেই আমরা বিশ্বমানের খেলোয়াড় হয়েছি এবং এখনো বিশ্বমানের খেলোয়াড় উঠে আসছে।
পাকিস্তানের সংবাদমাধ্যমকে মিয়াঁদাদ বলেন, ‘পাকিস্তানে ড্রপ-ইন পিচের কোনো প্রয়োজন নেই। পাকিস্তানেই সব ধরনের পিচ বানানো যায়। আমরা এসব পিচে খেলেই বিশ্বমানের খেলোয়াড় হয়েছি।’
‘খুব কম মানুষই জানে, অস্ট্রেলিয়ায় ড্রপ-ইন পিচের ধারণা সবার আগে সামনে এনেছিলেন কেরি প্যাকার। তার কুখ্যাত ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজের জন্য মাঠ সংকটের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কারণ তার কাছে বিশ্বে ক্রিকেট সিরিজ আয়োজনের জন্য মাঠ ছিল না’, যোগ করেন তিনি।
মিয়াঁদাদ এরপর ইমরানের খানের সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকারে যারাই আসে, বড় কাজ করার প্রতিশ্রুতি। কিন্তু দেশে কিছুই কাজ হচ্ছে না। সরকারের উচিত খেলাধুলায় আরো বেশি বিনিয়োগ করে যুবাদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করে তোলা।’