রংপুরে গভীর রাতে নৌকা প্রতীকে আগুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত শনিবার গভীর রাতে ইউনিয়নের লাঙ্গল প্রতীকের প্রার্থীর বাড়িসংলগ্ন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়ির সামনে বাঁধের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে বাঁধের পাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ টিটুলের সমর্থকরা বাঁশ-কাঠ দিয়ে তৈরি নৌকার প্রতীক টানায়। শনিবার রাত আড়াইটার দিকে কে বা কারা তাতে আগুন দেয়। গতকাল রবিবার সকালে ঘটনা জানাজানি হলে নৌকা প্রতীকের সমর্থকরা সেখানে জড়ো হয়।

এ ঘটনায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফ আলীকে দায়ী করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন আবুল কালাম আজাদ টিটুল। তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী বলেন, ‘গভীর রাতে কে বা কারা নৌকা প্রতীকে আগুন দিয়েছে। অথচ দোষ আমার ওপর চাপানো হচ্ছে।’

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘ঘটনায় জড়িতদের চিহ্নিতের চেষ্টা চলছে।’