এগিয়ে গিয়েও পরে ড্র করা বা হেরে যাওয়ার এক বাজে অভ্যাস গড়ে তুলেছিল যেন বার্সেলোনা। লা লিগায় ওসাসুনার বিপক্ষে ঠিক আগের ম্যাচেই ২-১ গোলে এগিয়ে থাকার পরও ২-২ গোলে ড্র করেছিল বার্সেলোনা। একই অবস্থা বোকা জুনিয়র্সের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনা কাপ প্রীতি ম্যাচেও। এগিয়ে যাওয়ার পরও গোল খেয়ে বসে বার্সেলোনা। টাইব্রেকারে গড়ানো ম্যাচটিতেও শেষ পর্যন্ত হারই জোটে।
শনিবার ঘরের মাঠে এলচের বিপক্ষে ১৯ মিনিটেই দুগোলে এগিয়ে গিয়েছিল কাতালানরা। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের মধ্যে দুই গোল হজম করে ম্যাচটা কঠিন করে ফেলে। তবে ৮৫ মিনিটে নিকোলাস গঞ্জালেসের করা গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে জাভির বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর স্বস্তির জয়ের দেখা পেল বার্সেলোনা।
ওসাসুনার বিপক্ষে আগের ম্যাচে কোচ তাকে এক মিনিটের জন্য মাঠে নামালে বার্সেলোনার হয়ে অভিষেক হয় জুলাইয়ে এস্পানিয়ল থেকে বার্সা বি দলে আসা ফেরান জুতগ্লা ব্লাঙ্কশের। এলচের বিপক্ষে তাকে শুরুর একাদশে স্ট্রাইকিং পজিশনে নামান জাভি। ১৬ মিনিটেই গোল করে ফেলেন তিনি। পাবলো মার্তিন গাভিরাও বার্সার জার্সিতে তার প্রথম গোল করেন কিছুক্ষণের মধ্যেই। মেসির চেয়েও ১৯৬ দিন কম বয়সে বার্সার হয়ে গোল করলেন এই মিডফিল্ডার। শনিবার তার বয়স ছিল ১৭ বছর ১৩৫ দিন। ১৬ বছর ৩০৪ দিন বয়সে ওসাসুনার বিপক্ষে নিজের প্রথম গোল করা আনসু ফাতি এ তালিকায় আছেন সবার ওপরে। ৬২ মিনিটে এলচের তেতে মরেন্তে এবং পরের মিনিটে পেরে মিয়া গোল করলে আবারও পয়েন্ট হারানোর শঙ্কা জাগে বার্সেলানা শিবিরে। কিন্তু ৮৫ মিনিটে গাভির পাস থেকেই জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেস।
ম্যাচ নিয়ে জাভি বলেন, ‘তিন পয়েন্ট পাওয়াটা দারুণ। কিন্তু আমাদের নিজেদের মডেলে ফিরে যেতে হবে, পজেশন রেখে খেলার ধরনে ফিরতে হবে। আশা করি, এটা হবে একটা টার্নিং পয়েন্ট। তবে আমরা নিজেরাই ম্যাচ জটিল করে তুলেছিলাম। অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি এবং আমাদের ভুলেই তারা ম্যাচে টিকে ছিল। এভাবে আমরা চালিয়ে যেতে পারি না। আমাদের আরও বেশি কাজ করতে হবে। আরও দায়িত্ব নিতে হবেৃ জাভির পজেশন ধরে রেখে আক্রমণে ওঠার পরিকল্পনায় এদিন অবশ্য বেশ ভালোই সফল ছিল বার্সেলোনা। ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে টানা আক্রমণে গোলের উদ্দেশে ১৯টি শট নেয় তারা, যার আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে এলচের পাঁচ শটের মাত্র তিনটিই লক্ষ্যে ছিল।