স্থগিত সফর পুষিয়ে দিতে দুইবার পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড

২০২২-২৩ মৌসুমে ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তান সফরে দুই টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এক মিডিয়া বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এরপর ব্ল্যাক ক্যাপরা ২০২৩ সালের এপ্রিলে ফের পাকিস্তানে যাবে ১০ ম্যাচের সাদা বলের সিরিজ খেলার জন্য। গত সেপ্টেম্বরে নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। এবার তা পুষিয়ে দিতে দুইবার এশিয়ার দেশটিতে যাবে কিউইরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দুই টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরপর ৫ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দ্বিতীয়বার পাকিস্তান সফরে যাবে ২০২৩ সালের এপ্রিলে।

দুই দেশের ক্রিকেট বোর্ড একত্রে কাজ করবে সিরিজের তারিখের সিদ্ধান্ত নিয়ে। এই বছরের সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরুর মিনিট আগে সফর বাতিল করে ব্ল্যাক ক্যাপরা।  

হঠাৎ সফর বাতিলের কারণ হিসেবে কিউইরা জানায়, নিরাপত্তা হুমকির কারণে নিউজিল্যান্ড সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।