ইতিহাস গড়লেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ভাতিজা মোহাম্মদ হুরাইরা। দেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি উপহার দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
কায়েদ-ই-আজম ট্রফিতে সোমবার বেলুচিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছেন নর্দানের এই ব্যাটার। ৩৪১ বলে ৩১১ রান করেন হুরাইরা। ৪০টি চারের সঙ্গে হাঁকিয়েছেন চারটি চার।
চলতি মৌসুমেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে হুরাইরার। দশম ম্যাচেই গড়লেন ট্রিপল সেঞ্চুরির নজির। ১৯ বছর ২৩৯ দিন বয়সে এই কীর্তি তার।
পাকিস্তানের পক্ষে দ্বিতীয় এবং সব মিলিয়ে অষ্টম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়ছেন হুরাইরা। প্রথম শ্রেণির ক্রিকেটে এরই মধ্যে তিনটি সেঞ্চুরি হয়ে গেল তার।
পাকিস্তানের মাটিতে এটি ২৩তম ট্রিপল সেঞ্চুরি, হুরাইরা যেখানে ২২তম ব্যাটার। এই তালিকায় রয়েছেন মাইক ব্রিয়ারলি, মার্ক টেইলর এবং বিরেন্দ্রর শেবাগও।
হায়দার আলি, রোহাইল নাজিরদের সঙ্গে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করেছেন হুরাইরা।