কুষ্টিয়ায় বিড়ি মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভা

বিড়িতে তিনটি মূল্যস্তরসহ শ্রমিক ও শিল্প রক্ষার্থে কুষ্টিয়ায় বিড়ি মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুষ্টিয়ায় মাসুদ বিড়ি ফ্যাক্টরিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মাসুদ বিড়ির ফ্যাক্টরির মালিক মিশারুল ইসলাম লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা তাঁতী লীগের সভাপতি ডাক্তার আমির হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মুনছুর বিড়ির মালিক শাহাব উদ্দিন মিলন, বাংলাদেশে বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শ্রমিক নেতা লুৎফর রহমান প্রমুখ। 

আলোচনা সভায় মাসুদ বিড়ি ফ্যাক্টরির মালিক মিশারুল ইসলাম লোটন বিড়িকে সিগারেটের ন্যায় তিনটি স্লাব করার প্রস্তাব পেশ করেন। প্রস্তাবগুলো হলো প্রথম স্লাব বড় (প্রতি প্যাকেট ১৪ টাকা), দ্বিতীয় স্লাব মাঝারি (প্রতি প্যাকেট ১২ টাকা) ও  তৃতীয় স্লাব ছোট (প্রতি প্যাকেট ১০ টাকা)। 

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বলেন, বিড়ি মালিকরা বাঁচলে শ্রমিকরা বাঁচবে। যদি বিড়ি ফ্যাক্টরি বাঁচে তবে মালিকরা বাঁচবে। মালিক ও শ্রমিকদের সম্পর্ক একে অপরের সাথে জড়িত। বিড়ি শিল্প ও শ্রমিকদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে যে কোন আন্দোলন সংগ্রামে বিড়ি মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আগামী বাজেটে বিড়ি শিল্পের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে শ্রমিকলীগ আপনাদের সাথে থাকবে। 

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বিড়ি শ্রমিকসহ সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিল। বিজয়ের এ মাসে আমরা বঙ্গবন্ধুসহ স্বাধীনতাযুদ্ধে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করি।