একটি মৃত্যুদণ্ড ঘিরে ইরানে বিরল বিক্ষোভ

কুর্দিশ এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। দেশটিতে সচরাচর সরকারবিরোধী বিক্ষোভ দেখা যায় না। তবে গত রবিবার ইরানের কুর্দিস্তান প্রদেশের কামইয়ারানে বিক্ষোভকারীরা সরকারবিরোধী নানা স্লোগান দিয়েছেন। ইরানের রেভুলিউশনারি গার্ড কোরের তিন সদস্যকে হত্যায় জড়িত থাকার অভিযোগে হেয়দার ঘোরবানি নামে যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাকে শহীদ বলেও আখ্যা দেওয়া হয়েছে। 

হেয়দার ঘোরবানি বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয় বলে দাবি করেছেন। ইরানের সশস্ত্র গোষ্ঠী ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। রবিবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের সানানদাজ কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের সুপ্রিম কোর্ট এ বছর যখন হেয়দার ঘোরবানির মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আদেশ দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ওই রায়ের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো হয়।