গত সেপ্টেম্বরে সিরিজ শুরুর দিন নিরাপত্তার কারণে আচমকা পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। ওয়ানডে সুপার লিগের অসমাপ্ত সেই সিরিজে নতুন সূচি ঠিক হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানে টেস্ট চ্যাম্পিয়নশিপও খেলবে কিউইরা। ক্ষতিপূরণ হিসেবে মাস পাঁচেক পর আরেক দফা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। নতুন সূচিতে আগামী বছরের ডিসেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড। সিরিজটি চলবে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত। ওয়ানডে তিনটি বিশ্বকাপ সুপার লিগের অংশ, যা নির্দিষ্ট সময়ে খেলতেই হতো। তবে বাড়তি একটি সিরিজও এবার যুক্ত হয়েছে। এই সিরিজের পাঁচ মাস পর ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তানে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টির লম্বা সিরিজ খেলবে নিউজিল্যান্ড।