মাগুরার শ্রীপুর থানার ওসি পরিচয়ে তার মোবাইল ফোন নম্বর ক্লোন করে একাধিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছে নির্বাচনে জিতিয়ে দেওয়ার কথা বলে মোবাইল ফোনে টাকা চেয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আইয়ুব হোসেন খানসহ দুজন প্রার্থীর সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। ওসি এ ব্যাপারে প্রার্থীদের সতর্ক থাকতে বলেছেন।
আইয়ুব হোসেন খান জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার কাছে শ্রীপুর থানার ওসির মোবাইল ফোনের একই নম্বর থেকে একটি ফোন কল আসে। তিনি কলটি রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শ্রীপুর থানার ওসি পরিচয় দিয়ে বলা হয় তিনি রিটার্নিং অফিসারকে ম্যানেজ করে নির্বাচনে জয়ী হতে চাইলে একটি বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠাতে হবে। ঘটনার পরপরই আইয়ুব হোসেন শ্রীপুর থানার ওসিকে বিষয়টি জানালে ওসি এ ব্যাপারে আইয়ুব হোসেনকে কোনো ফোন করেননি বলে জানান। পাশাপাশি শ্রীপুরের বিভিন্ন ইউনিয়নের আরও কয়েক প্রার্থী এ ধরনের ফোন পেয়ে ওসিকে জানিয়েছেন বলে তিনি আইয়ুব হোসেনকে জানান এবং প্রতারণামূলক এ ধরনের ফোনের বিষয়ে সতর্ক থাকতে বলেন। ফোনের মাধ্যমে প্রতারণার অপচেষ্টার একই রকম তথ্য দিয়েছেন আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী সেবানন্দ বিশ^াস।
শ্রীপুর থানার ওসি বলেন, ‘একটি প্রতারক চক্র ক্লোন করে আমার সরকারি মোবাইল ফোন নম্বরের মাধ্যমে এ ধরনের প্রতারণার চেষ্টা করছে। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের এ বিষয়ে সতর্ক থাকতে বলেছি।’