বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পাকিস্তানের টেস্ট ওপেনার আবিদ আলি। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেট আসর কায়েদ-ই-আজম ট্রফিতে ব্যাটিং করার সময় বুকে ব্যথা অনুভব করেন ৩৪ বছর বয়সী ডানহাতি ব্যাটার।
আবিদ সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে টুর্নামেন্টে খেলছেন। বুকে ব্যথা হলে টিম ম্যানেজার আশরাফ আলিকে জানান। তিনি চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য আবিদকে হাসপাতালে পাঠান।
হাসপাতালে ভর্তির পর ইসিজি করা হয়েছে আবিদের। আরো বেশ কিছু ডাক্তারি পরীক্ষার পর চিকিৎসকেরা তাদের সিদ্ধান্ত জানাবেন।
করাচি স্টেডিয়ামে খাইবার পাখতুনখোয়ার বিপক্ষে এদিন ৬১ রানে উইকেটে ছিলেন আবিদ। সেই সময়ই ওপেনিং পার্টনার রিজওয়ান হোসেইনকে বলেছিলেন, তার বুকে চিনচিনে একটা ব্যথা হচ্ছে। খুব একটা আমল না দিয়ে ব্যাট করে যাচ্ছিলেন আবিদ।
কিছুক্ষণ পর আবার রিজওয়ানকে বুকে ব্যথার কথা বলার পর তিনি টিম ম্যানেজমেন্টকে জানান। তারপর আর দেরি করা হয়নি।
সেন্ট্রাল পাঞ্জাবের টিম ম্যানেজার আশরাফ আলি বলেছেন, ‘সকালে আবিদ ৬১ রানে ব্যাট করছিল। তখন ও দুবার জানিয়েছিল, ওর বুকে লাগছে। আমাদের মনে হয়েছিল, দেরি না করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া উচিত। সেখানেই আপাতত পর্যবেক্ষণে আছে আবিদ। কিছু টেস্ট হয়েছে, আরো কিছু টেস্ট করা হবে।’
খাইবার পাখতুনখোয়ার বিপক্ষে এই ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক গড়েছেন আবিদ। কিছুদিন আগেই বাংলাদেশ সফর করে গেছে পাকিস্তান। টেস্ট সিরিজে দুর্দান্ত খেলেছেন আবিদ। হয়েছেন সিরিজ সেরা।