ক্রিকেট অপারেশনস বিভাগের দায়িত্ব ছাড়তে চান আকরাম

দীর্ঘ দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন আকরাম খান। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বোর্ডের গুরুত্বপূর্ণ এ বিভাগের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার বনানীতে নিজের বাসায় সাংবাদিকদের আকরাম বলেন, পারিবারিক কারণে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতামতের জন্য অপেক্ষায় করছেন।

আকরাম খান যে ক্রিকেট অপারেশনস বিভাগের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন, এই খবর প্রথম ছড়ায় আকরামের স্ত্রী সাবিনা আকরামের সোমবারের ফেইসবুক পোস্টের মাধ্যমে। মঙ্গলবার তাই আকরামের বাসায় ভিড় করে সাংবাদিকেরা।

আকরাম বলেন, বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার পর বুধবার আনুষ্ঠানিকভাবে সব জানাবেন।

কেন হঠাৎ এই সিদ্ধান্ত? বিসিবির অন্যতম এই পরিচালক বলেন, ‘আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে। যেহেতু আমি এখানে অনেক বছর ছিলাম। এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়। সব মিলিয়েই এই বিরতির সিদ্ধান্ত।’

যোগ করেন, ‘মাননীয় বোর্ড প্রেসিডেন্ট (নাজমুল হাসান পাপন) আমার যে অভিভাবক, গত আট বছরে ওনার থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি কাজের জন্য। তো ওনার সঙ্গে আলাপ করে হয়তো কালকের মধ্যে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব।’

২০১৪ সালে ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান হন আকরাম। পরের বছরের অক্টোবরে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের কাছে চেয়ার হারান তিনি। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আবার চেয়ারম্যান হয়ে ফেরার পর দায়িত্ব পালন করেন টানা ৬ বছর।

গত অক্টোবরে সবশেষ বোর্ড নির্বাচনের পর নতুন করে পদ বণ্টন করা হয়নি। আকরামসহ পুনর্নির্বাচিত হওয়া পরিচালকরা নিজ নিজ বিভাগেই বহাল আছেন।