বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আকরাম খান। পারিবারিক কারণেই তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। তবে চূড়ান্ত ঘোষণা দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপের পর।
একদিন আগে আরকামের স্ত্রী সাবিনা আকরাম ফেইসবুক পোস্টে জানান, আকরাম বোর্ডের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। মঙ্গলবার বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে।’
আকরাম এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সিদ্ধান্তের অপেক্ষায়। বলেছেন, ‘যেহেতু আমি আট বছর ক্রিকেট পরিচালনা বিভাগে ছিলাম, তো এটা নিয়ে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমার যে অভিভাবক, গত আট বছরে ওনার থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি কাজের জন্য। তো ওনার সঙ্গে আলাপ করে হয়তো কালকের মধ্যে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব।’
এখন পর্যন্ত বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, ‘৩টার দিকে আজ কল করেছিলাম, রিপ্লাই দেননি। হয়তো যে কোনো সময় কল ব্যাক করবেন। কল করলে ওনার সঙ্গে আলাপ করে নেব।’
বিসিবি সভাপতি দায়িত্বে থেকে যেতে বললে কি সিদ্ধান্ত বদলাবেন? আকরাম বলেন, ‘এখন আমি কিছু বলতে চাই না। আমি ওনার সঙ্গে আলাপ করেই আপনাদের সিদ্ধান্ত জানাব।’
আরো পড়ুন