ঝোড়ো সেঞ্চুরিতে জাফনাকে ফাইনালে তুললেন আভিশকা

টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন আভিশকা ফার্নান্দো। শুধু নিজেরই যে প্রথম তা নয়, চলতি এলপিএলেই প্রথম সেঞ্চুরি এটি। তার দল জাফনা কিংস গড়ল ২১০ রানের পুঁজি। চলতি আসলে যা কোনো দলের সর্বোচ্চ। এমনকি প্রথম দুইশ ছোঁয়া স্কোরও।

এমন দিনে আভিশকারই তো শেষ হাসি হাসার কথা। হয়েছেও তাই। ডাম্বুলা জায়ান্টসকে হারিয়ে ফাইনালে পা রেখেছে জাফনা।

হাম্বানটোটায় মঙ্গলবার আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ২৩ রানে জয় তুলে নেয় জাফনা। ম্যাচসেরা হন আভিশকা।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জাফনা কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ে।

আভিশকা ওপেন করতে নেমে ১০ চার ও ৪ ছক্কায় ৬৪ বলে ১০০ রান করে আউট হন। অপর ওপেনার রহমানুল্লাহ করেন ৪০ বলে ৭০ রান। তিনি ৫ চার ও ৪ ছক্কা মারেন।

এ ছাড়া টম কোহলার-ক্যাডমোর ১৫ রান করে আউট হন। ১১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক থিসারা পেরেরা। ৬ রান করে সাজঘরে ফেরেন শোয়েব মালিক।

জবাবে ব্যাট করতে নেমে ডাম্বুলা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তোলে। দলটির পক্ষে ৪৭ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন চামিকা করুণারত্নে। ১০ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস। এ ছাড়া ফিল সল্ট ২২ ও নাজিবুল্লাহ জাদরান ২১ রান করেন। জয়ডেন সিলস ২৪ রানে ৩ উইকেট নেন।

ফাইনালে জাফনা কিংস মাঠে নামবে গল গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে, যাদের কাছে প্রথম কোয়ালিফায়ারে হারতে হয়েছিল তাদের।