ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিসহ দুইজনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী ফোরাম ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ডা. মুরাদ হাসান এমপি ও তার সহযোগী মুহাম্মদ নাহিদ হেলাল জিয়াউর রহমান ও পরিবারের কনিষ্ঠতম সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক ও ব্যক্তিগতভাবে অপমান করার জন্য ভিডিও প্রকাশ করেছেন।
এতে করে জিয়া পরিবারের সাথে সাথে সমগ্র নারী সমাজের মানহানি এবং অপমান করা হয়েছে। আসামিরা মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচারের মাধ্যমে দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা বিদ্বেষ সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছেন। ফলে ১৮৬০ সনের পেনাল কোডের ১৫৩-ক/৫০৫-ক/৫০৯ ধারার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় ৪ জন আইনজীবীসহ অনেককে সাক্ষী করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক তানিয়া বিনতে জাহিদ মামলাটি গ্রহণ করেছেন।