গবেষক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী সাইদ হোসেন দুলাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় রাজবাড়ির পুঠিয়ার একটি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ দেশ রূপান্তরকে মৃত্যু খবরটি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে দুলালকে পুঠিয়ায় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নাসির উদ্দীন ইউসুফ বলেন, দুলাল আমাদের গ্রাম থিয়েটার চর্চার অন্যতম প্রাণ ছিলেন। লোক গবেষণার সহায়তার জন্য বাংলাদেশ ও ভারতের অনেক বড় বড় অধ্যাপক তার কাছে আসতো। বাংলার লোকজ সংস্কৃতির রীতি সে অন্তরে লালন করেছে, সংরক্ষণ করেছে এবং সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। দুলালকে হারিয়ে গ্রাম থিয়েটার গভীর শূন্যতা অনুভব করছে।
এদিকে কাজী সাইদ হোসেন দুলালের মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এক শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কাজী সাইদ হোসেন দুলাল বাংলাদেশ গ্রাম থিয়েটারের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে প্রতিবছর পুঠিয়ায় বিশাল ব্যাপ্তি নিয়ে অনুষ্ঠিত ‘জাতীয় লোকজ উৎসব’ বাংলাদেশের সব সংস্কৃতমনস্ক মানুষের কাছে বিপুল সমাদৃত। তার মৃত্যুতে দেশ একজন একনিষ্ঠ সংস্কৃতিকর্মীকে হারালো।
নাসির উদ্দীন ইউসুফ দেশ রূপান্তরকে জানান, বৃহস্পতিবার দুপুরে পুঠিয়ায় জানাজার পর কাজী সাইদ হোসেন দুলালকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
সাইদ হোসেন দুলালের মৃত্যুতে সেলিম আল দীন পরিবারের পক্ষ থেকে শোক জানানো হয়।