জিজ্ঞাসাবাদে ঐশ্বরিয়াকে পাঁচ প্রশ্ন

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলিউডের বচ্চন পরিবার। পানামা পেপারস ফাঁসের মামলায় ভারতের অর্থনৈতিক আইনকানুন প্রয়োগ ও আর্থিক অপরাধ দমনসংক্রান্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্প্রতি পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ইডি এই বলিউড নায়িকাকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) অনুযায়ী সমন পাঠিয়েছিল। গত সোমবার বেলা দুইটা নাগাদ ইডির দপ্তরে পৌঁছান ঐশ্বরিয়া। এই বলিউড তারকার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘন করে বিদেশে অর্থ বিনিয়োগ করেছেন। ঐশ্বরিয়াকে দীর্ঘ সময় জেরা করার জন্য এক লম্বা প্রশ্নমালা তৈরি করেছিলেন ইডির কর্মকর্তারা। তাকে কী কী প্রশ্ন করা হয়েছিল, এর কিছু অংশ ফাঁস হয়েছে। এই পাঁচ ঘণ্টায় তাকে পাঁচ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তার কাছে জানতে চাওয়া হয়, আপনি কোন কোন সংস্থার পরিচালকের পদে নিযুক্ত ছিলেন? আপনি ‘এমিক পার্টনার্স’-এর পরিচালক পদে ছিলেন। কিন্তু ২০০৫ সালে আপনি কোম্পানির পরিচালক থেকে এক সাধারণ শেয়ারহোল্ডার হয়ে যান কেন? আপনার সঙ্গে কোম্পানির পরিচালক হিসেবে বাবা কৃষ্ণারাজ রাই, মা বৃন্দা আর ভাই আদিত্যর নাম ছিল। এ ব্যাপারে বিস্তারিত বলুন। ২০০৮ সালে কোম্পানিটি নিষ্ক্রিয় হয়ে যায় কেন? টাকা-পয়সা লেনদেনের জন্য কি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার থেকে অনুমতি নিয়েছিলেন? অমিতাভ বচ্চন যেসব কোম্পানির পরিচালক ছিলেন, পরে তার শেয়ার কেন বিক্রি করে দেওয়া হয়?

এদিকে ঐশ্বরিয়াকে ইডি সমন পাঠানোর পর রাগে ফুঁসছেন তার শ্বশুড়ি তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। রাজ্যসভার মাদক (সংশোধনী) বিলের বিষয়ে আলোচনার সময় ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেন জয়া। তখন উত্তর প্রদেশের এক বিজেপি সাংসদ জয়াকে বলেছিলেন, ‘সিনেমা চলছে না। নাটক করছেন কেন?’ তখন তার পারিবারিক বিষয়ে আক্রমণ করা হয়। জয়াও প্রতিউত্তরে বিজেপি ও সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। আমি আপনাদের অভিশাপ দিচ্ছি যে আপনাদের সবার খারাপ দিন আসুক। আপনারা আমাদের গলা টিপে দিন, আর আপনারাই রাজ্য চালান।’

‘বউমা’ ঐশ্বরিয়ার ব্যাপারে খুবই রক্ষণশীল জয়া বচ্চন। একবার কিছু চিত্রসাংবাদিক ঐশ্বরিয়াকে ‘অ্যাশ’ নামে সম্বোধন করেন। আর তাতে বেজায় চটে যান জয়া। বলেন, ‘অ্যাশ’ কেন? ও কি আপনাদের স্কুলের বন্ধু? আপনারা কি একটুও সম্মান দিতে জানেন না? আপনারা ঐশ্বরিয়া ম্যাম বলে ডাকতে পারেন না?