বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসব শুরু

দেশের অন্যতম মঞ্চনাটকের দল পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে দলটি ২০১০ থেকে প্রতি বছর তার স্মৃতিতে নাট্যোৎসব ও সম্মাননা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ থেকে ৩ দিনব্যাপী উৎসব আয়োজন করা হয়েছে। এতে দেশের ও দেশের বাইরের ৮টি নাটকের দল অংশগ্রহণ করবে। পদাতিক নাট্য সংসদ, থিয়েটার বেইলি রোড, মহাকাল নাট্য সম্প্রদায়, সময়, প্রাচ্যনাট, প্রাঙ্গণে মোর, হবিগঞ্জের জীবন সংকেত ও ভারতের অনীক অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখ প্রান্তে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন মামুনুর রশীদ, ম. হামিদ, লাকী ইনাম ও উৎসবে অংশগ্রহণকারী সব নাট্যদলের দলপ্রধান ও নাট্যকর্মীরা। সমাপনী দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর সম্মাননা প্রদান করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করবেন দলের সভাপতি জনাব তাসনিন হোসাইন তানু। নাট্যাঙ্গনে বিশেষ অবদানের পাশাপাশি সৈয়দ বদরুদ্দীন হোসাইন ছিলেন একজন ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।