কয়েদ-ই-আজম ট্রফিতে মঙ্গলবার সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার তার একটি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে আবিদ আলির আরো একটি অ্যাঞ্জিওপ্লাস্টি হবে।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। তিনি কনসালটেন্ট কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
এদিকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় আবিদ বলেছেন, তিনি ভালো আছেন। ভিডিওতে আবিদকে বলতে শোনা যায়, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি সুস্থ আছি। আমার স্বাস্থ্যের জন্য আপনারা যারা প্রার্থনা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আগামীকালও আমি একটা ছোট পরীক্ষার মধ্যে দিয়ে যান। তাতেও যেন সফল হই তার জন্য সকলে প্রার্থনা করবেন।’