বিপিএল শুরু ২১ জানুয়ারি, প্লেয়ার্স ড্রাফট ২৭ ডিসেম্বর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়াবে ২১ জানুয়ারি থেকে। তার আগে প্লেয়ার্স ড্রাফট হবে ২৭ ডিসেম্বর।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে হবে ৬ দলের আসরটি। ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি।

সব মিলে ম্যাচ সংখ্যা ৩৪টি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হওয়ার পর তিনটি প্লে-অফ ও ফাইনাল হবে।

প্রতিটি দল একাদশে তিনজন বিদেশি রাখতে পারবেন।

চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ১ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য ৫০ লাখ টাকা।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে মালিকানার নামও জানিয়েছে বিসিবি।

দলগুলো হলো- বরিশাল (ফরচুন শুজ), চট্টগ্রাম (ডেল্টা স্পোর্টস), কুমিল্লা (কুমিল্লা লেজেন্ডস), ঢাকা (রুপা ফেব্রিকস অ্যান্ড মার্ন টিল), খুলনা (মাইন্ড ট্রি) ও সিলেট (প্রগতি গ্রিন অটো রাইস মিলস)।

প্লেয়ার্স ড্রাফট হবে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। প্রতিটি দল একজন করে খেলোয়াড় ড্রাফটের আগে সরাসরি চুক্তিবদ্ধ করতে পারবে। কমপক্ষে ১০ এবং সর্বোচ্চ ১৪জন স্থানীয় খেলোয়াড় নিতে পারবে দলগুলো।

একজন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিবদ্ধ করালে বাকি সবাইকে ড্রাফট থেকে নিতে হবে।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ড্রাফট থেকে প্রতিটি দল সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ৮ জন দলে ভেড়াতে পারবে। তবে ড্রাফটের বাইরে সরাসরি তিনজন পর্যন্ত বিদেশি খেলোয়াড় নিতে পারবে দলগুলো।

ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের রাখা হয়েছে ছয়টি শ্রেণিতে। ‘এ’ শ্রেণির খেলোয়াড়দের মূল্য রাখা হয়েছে ৭০ লাখ টাকা। সর্বনিম্ন ‘এফ’ ক্যাটাগরির মূল্য পাঁচ লাখ টাকা।

বিদেশি খেলোয়াড়দের জন্য ক্যাটাগরি পাঁচটি। সেখানে সর্বোচ্চ মূল্য ৭৫ হাজার মার্কিন ডলার (প্রায় ৬৪ লাখ ৩৪ হাজার টাকা), সর্বনিম্ন ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ১৭ লাখ ১৫ হাজার টাকা)।